সংসদ ভেঙে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা জাপান প্রধানমন্ত্রীর

- সর্বশেষ আপডেট ০৮:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 244

১৯ জানুয়ারী টোকিওতে তার অফিসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। (ছবি: কেন সুজুকি)
জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের লক্ষ্যে শুক্রবার দেশটির সংসদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, জনগণের নতুন ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার লক্ষ্যেই এই নির্বাচন ডাকা হয়েছে। বাড়তি সরকারি ব্যয়, করছাড় এবং নতুন নিরাপত্তা কৌশল বাস্তবায়নের বিষয়ে ভোটারদের সরাসরি সমর্থন পেতে চান তিনি। প্রস্তাবিত নিরাপত্তা নীতির মাধ্যমে জাপানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তাকাইচি।
নির্বাচন ঘোষণার সময় তিনি বলেন, এই ভোটের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ জনগণের হাতে তুলে দিচ্ছেন তিনি। দেশের নেতৃত্বের দায়িত্ব আবারও তাকে দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত ভোটাররাই নেবেন।
নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে খাদ্যপণ্যের ওপর বিদ্যমান ৮ শতাংশ কর দুই বছরের জন্য স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি। তার দাবি, এতে ভোক্তাদের চাপ কমবে, কর্মসংস্থান বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
তবে সরকারি হিসাব অনুযায়ী, এই করছাড় কার্যকর হলে বছরে প্রায় ৫ ট্রিলিয়ন ইয়েন রাজস্ব হারাতে পারে সরকার। এই ঘোষণার পরই জাপানের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
আগাম নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাকাইচির প্রথম জাতীয় নির্বাচনী পরীক্ষা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম নির্বাচন ডেকে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে নিজের অবস্থান শক্ত করতে এবং জোট সরকারের নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা সুসংহত করতেই এই কৌশল নিয়েছেন প্রধানমন্ত্রী।
তবে বাড়তি ব্যয় ও করনীতির প্রশ্নে ভোটারদের আস্থা অর্জন সহজ হবে না। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকের সাম্প্রতিক জরিপে ৪৫ শতাংশ জাপানি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে দেশের সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। কূটনীতি ও জাতীয় নিরাপত্তা রয়েছে উদ্বেগের তালিকার পরের স্থানে।
সব মিলিয়ে অর্থনীতি, করনীতি ও নিরাপত্তা ইস্যুই ঘিরে আবর্তিত হবে জাপানের আসন্ন নির্বাচন, যা দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


































