শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা নুরুজ্জামান বাদলের ভাই ও সাবেক সেনা কর্মকর্তা মো. মাসুদুর রহমান মাসুদ।
আরও পড়তে পারেন
রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
তিনি জানান, দলীয় শুরা সদস্যদের মতামত, তৃণমূল পর্যায়ের পরামর্শ এবং জেলা নেতাকর্মীদের আলোচনার ভিত্তিতেই প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে একই দিন দুপুরে তার নাম ঘোষণা করা হয়।
মাসুদুর রহমান মাসুদ বর্তমানে জেলা জামায়াতের ব্যবসায়িক সংগঠন আইবিডব্লিউএফের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রের দাবি, স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য বিবেচনায় রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও দলটির পূর্বঘোষিত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। এর পরদিন ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়।
পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারি পুনরায় তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন তফশিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


































