শেখ হাসিনার স্বাক্ষর জাল, দাবি রাশেদ খাঁনের

- সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 64
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। শেখ হাসিনার আগের পাসপোর্টের স্বাক্ষরের সঙ্গে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো অনুমতিপত্রে থাকা স্বাক্ষরের কোনো মিল নেই বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁন লিখেছেন, দুটি স্বাক্ষরের মধ্যে পার্থক্য থেকেই অনুমতিপত্রে স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়।
এর আগে গত ৯ নভেম্বর শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠায় ম্যাট্রিক্স চেম্বার্স। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওই আবেদনের অগ্রগতি জানতে আবারও চিঠি দেন প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিভেন পাওলস।
চিঠিতে বলা হয়, শেখ হাসিনার পক্ষে কাজ করার প্রমাণ চেয়েছিল বাংলাদেশ হাইকমিশন। সে কারণে তাঁর স্বাক্ষর করা একটি অনুমতিপত্র সংযুক্ত করা হয়েছে।
অনুমতিপত্রের স্বাক্ষরের সঙ্গে শেখ হাসিনার পাসপোর্টের স্বাক্ষর মিলিয়ে ফেসবুকে পোস্ট দেন রাশেদ খাঁন। সেখানেই তিনি স্বাক্ষর জালের অভিযোগ তোলেন।
পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতারাও সরাসরি সাক্ষাৎ করতে পারছেন না। তাঁর ভাষ্য, শেখ হাসিনা সেখানে অনেকটা গৃহবন্দি অবস্থায় রয়েছেন। স্বাভাবিক চলাফেরার সুযোগ থাকলে তিনি নিজেই পাসপোর্ট ও এনআইডির আবেদন করতে পারতেন।
তিনি আরও বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশে ফেরাই শেখ হাসিনার জন্য একমাত্র পথ। তাঁর মতে, পাসপোর্ট ও এনআইডির আবেদন রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার একটি কৌশল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আদালতে আত্মসমর্পণ করতে ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।































