শিক্ষার মান ও দক্ষতা বাড়ানোর আহ্বান
- সর্বশেষ আপডেট ০৯:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 8
দেশের সুবিধাবঞ্চিত ও ঝরেপড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ খাতকে আরও কার্যকর ও মানসম্মত করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, শিক্ষার প্রসার শুধু প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যারা নিয়মিত শিক্ষার বাইরে থেকে যাচ্ছে, তাদের জন্য বিকল্প পথ তৈরি করাও জরুরি।
তিনি বলেন, দক্ষতা উন্নয়নভিত্তিক শিক্ষা এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের অবস্থান তৈরি করতে পারে। এ ক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।
প্রতিমন্ত্রী মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে কার্যক্রমের প্রভাব বাস্তবে দৃশ্যমান হয়।
সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।































