শান্তি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, আরও ৭ প্রাণহানি

- সর্বশেষ আপডেট ০৬:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 121
পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য ও দক্ষিণ গাজায় চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। একদিকে যখন কূটনৈতিক উপায়ে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার চেষ্টা চলছে, অন্যদিকে ইসরায়েলের এই অব্যাহত সামরিক অভিযান ও নতুন বসতি স্থাপনের অনুমোদন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের একটি পুলিশ পোস্টের কাছে ইসরায়েলি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বুরেজের ‘ব্লক ৯’ এলাকায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান। আল-আকসা ও আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ মোট সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মধ্য গাজার পাশাপাশি দক্ষিণ গাজার খান ইউনিসের বানি সুহাইলা শহরে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবু লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া গাজা সিটির পূর্ব দিকে ভারী গোলন্দাজ ও ট্যাংক হামলা অব্যাহত রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী যুদ্ধে নিহতের সংখ্যা এখন ৭২ হাজার ৩০০ ছাড়িয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এই বিরামহীন হত্যাকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনিদের জন্য ঘরবাড়ি, আশ্রয়শিবির এমনকি শ্রেণিকক্ষও এখন আর নিরাপদ নয়।
গাজার বাইরে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা থেমে নেই। কালকিলিয়া ও জেনিন থেকে সাত ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নেতানিয়াহু সরকার গোপনে আরও ৩৪টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক এবং ওআইসি।































