শর্ত নয়, সমতার ভিত্তিতে বাংলাদেশ বন্ধুত্ব করতে চায়

- সর্বশেষ আপডেট ০৬:২৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 324
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, কোনো ধরনের শর্তের ভিত্তিতে নয়, বরং সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।
তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক হবে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। কোনো দেশের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে যদি শর্ত আরোপ করা হয়, তাহলে সে ধরনের সম্পর্ক গ্রহণযোগ্য হবে না।
রিজভী বলেন, সরকার প্রকাশ্যেই জানিয়েছে, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমতা এবং একে অন্যের সার্বভৌমত্বের প্রতি সম্মান থাকলে সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশ সব দেশকে বন্ধুত্বের জন্য আমন্ত্রণ জানাবে। তবে কোনো পক্ষের ভেতরে যদি বিশেষ কোনো শর্ত থাকে, তাহলে সেই শর্তের ভিত্তিতে বন্ধুত্ব হতে পারে না। প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার নীতিতেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হবে।
নির্বাচন ও সরকারের প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নানা বাধা মোকাবিলা করে সরকার নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি বিএনপির ৩১ দফা ও জনবান্ধব কর্মসূচিগুলো বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, নির্বাচনের আগে ম্যানিফেস্টো ও ৩১ দফায় যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নের পথেই সরকার এগিয়ে যাচ্ছে।






























