ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আসন্ন বর্ষা মৌসুমের আগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে। শনিবার (১৪ মার্চ) থেকে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক ক্যাম্পেইন শুরু হবে।
আরও পড়তে পারেন
ক্যাম্পেইনের আওতায় ময়লা-আবর্জনা পরিষ্কার, পরিত্যক্ত পাত্র অপসারণ, সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণসহ বিভিন্ন গণযোগাযোগ কার্যক্রম পরিচালনা করা হবে। এতে স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে কীটতত্ত্ববিদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেবেন।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নগরবাসীকে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার জন্য এ ক্যাম্পেইন চালানো হচ্ছে। এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণও জরুরি।
মার্চ থেকে মে পর্যন্ত ২৫টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে প্রতি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫৩টি ক্যাম্পেইন পরিচালিত হবে। ডিএনসিসি জানাচ্ছে, এডিস মশা মূলত জমে থাকা পরিত্যক্ত পাত্রে বংশবিস্তার করে, তাই আগাম এই অভিযান ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়ক হবে।


































