লক্ষ্মীপুরে ভোট সিল কেলেঙ্কারিতে জড়িত জামায়াত নেতাকে খুঁজছে পুলিশ

- সর্বশেষ আপডেট ০৫:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 104
লক্ষ্মীপুরে ভোটের সিলসহ গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী সোহেল রানা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, যেখানে সিল তৈরির নির্দেশদাতা হিসেবে জামায়াত নেতা শরীফ হোসেন সৌরভের নাম উল্লেখ করেছেন। পুলিশ তাকে দ্রুত খুঁজছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মো. আব্দুল আহাদ শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আসামি সোহেল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হকের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ব্যবসায়ী সোহেল রানাকে ৬টি ভোট সিলসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে সদর মডেল থানা পুলিশের এসআই হুমায়ুন কবির দুইজনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় সোহেল আদালতে জবানবন্দি দিয়ে স্বীকার করেছেন, শরীফ হোসেন সৌরভ তাকে সিল তৈরির নির্দেশ দিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিল তৈরির নির্দেশদাতার রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “আমরা ইতিমধ্যেই তার কিছু ছবি এবং বার্তা পেয়েছি। তাকে গ্রেপ্তারের পর সঠিক দলীয় পরিচয় জানা যাবে। সিল বানানো মানেই জাল ভোটের প্রবণতা সৃষ্টি করা।”
গ্রেপ্তার হওয়া সোহেল জানায়, গত ৩০ জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে শরীফ সিল তৈরির অর্ডার দেন। স্থানীয় পুলিশ এবং জেলা জামায়াত সূত্রে জানা গেছে, শরীফকে ওই ঘটনা প্রকাশ হওয়ার পর দল থেকে বহিষ্কার করা হয়েছে।
লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান জানান, সৌরভকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সোহেল রানার সঙ্গে আরেক আসামি শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে। এ ঘটনায় তদন্ত চলমান এবং সিল জাল করার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।



































