রোহিঙ্গা সংকট বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 16
রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে নরওয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
সচিবালয়ে মঙ্গলবার (২ জুন) বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে রোহিঙ্গা সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ীভাবে মিয়ানমারে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান। এজন্য নরওয়েসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দ্রুত স্বীকৃতি দেওয়া এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের সহযোগিতার জন্য নরওয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বাংলাদেশের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে জানান, নরওয়ে এখন উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বেশি গুরুত্ব দিচ্ছে। এ সময় বাংলাদেশ থেকে ওষুধ, চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্প রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন মন্ত্রী।
তিনি নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ ও প্যাকেজিং শিল্পে নরওয়েজিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড ও নরফান্ডের মাধ্যমে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া শিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত সহযোগিতা, ডিজিটাল উদ্ভাবন ও বৃত্তিমূলক প্রশিক্ষণে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নরওয়ের বৃত্তির সুযোগ বাড়ানোর অনুরোধ করেন তিনি।
রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ ও নরওয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় নরওয়ে পাশে থাকবে।






























