রেড ক্রসের সাক্ষাতে সামনে এলেন সু চি
- সর্বশেষ আপডেট ০৬:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 7
মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ হয়েছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম কোনো বিদেশি প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাতের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, আইসিআরসির মিয়ানমারস্থ আবাসিক প্রতিনিধি আরনড ডি ব্যাক সকালে অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে বা কতক্ষণ সাক্ষাৎ স্থায়ী হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই অং সান সু চি সেনা সরকারের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘদিন জনসমক্ষে না আসায় এবং তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের অভাবে বিভিন্ন সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
পর্যবেক্ষকদের মতে, চলমান রাজনৈতিক সংকটের মধ্যে আইসিআরসির প্রতিনিধির সঙ্গে সু চির এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও মানবিক অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।
এদিকে মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, বর্তমানে মিয়ানমারের বিভিন্ন কারাগারে ১৪ হাজার ৫০০-এর বেশি রাজনৈতিক বন্দি আটক রয়েছেন। সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছর কারাগারে অন্তত ৬০ জন রাজনৈতিক বন্দির মৃত্যু হয়েছে। এছাড়া বন্দিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও মৌলিক সুযোগ-সুবিধারও তীব্র সংকট রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
সূত্র: এপি।





































