রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

- সর্বশেষ আপডেট ১২:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 179
রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বহনকারী জাহাজগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে বাধাহীনভাবে চলাচল করতে পারবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর দেশটির তেল রপ্তানির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এর জেরে ইরান হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলেছে। এই পরিস্থিতির মধ্যেই রাশিয়ার তেল পরিবহনে দেওয়া বিধিনিষেধ কিছু সময়ের জন্য তুলে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রুশ তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এতে ইরানের হুমকির প্রভাবও কিছুটা মোকাবিলা করা সম্ভব হবে।
অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, চলমান সংঘাতের মুখে ইরান তার অবস্থান থেকে সরে আসবে না।


































