নির্বাচনী বিধিনিষেধ
রাত ১২টার পর মোটরসাইকেল, বুধবার মধ্যরাতে থেকে পরিবহন বন্ধ

- সর্বশেষ আপডেট ০৫:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 77
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন সারাদেশে বিশেষ যানবাহন বিধিনিষেধ আরোপ করেছে। বুধবার থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বিভিন্ন প্রকার যানবাহনের চলাচল সীমিত করবে, তবে জরুরি সেবা, প্রশাসন ও অনুমোদিত ব্যক্তিদের যানবাহন এ থেকে ব্যতীত থাকবে।
নির্বাচন কমিশন (ইসি) এর নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। একইভাবে, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাকের চলাচলেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণের আওতায় পড়বে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকরা এই বিধিনিষেধের বাইরে থাকবে। জরুরি সেবা, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত কার্যক্রম, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
বিদেশগামী যাত্রী বা বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তিদের সুবিধার্থে বিমানবন্দরগামী বা বিমানবন্দর থেকে আসা যানবাহন চলাচলের অনুমতি থাকবে। এই ক্ষেত্রে টিকেট বা সমমানের প্রমাণ দেখাতে হবে। একইভাবে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন অথবা স্থানীয় পর্যায়ে দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহনও শিথিল বিধিনিষেধের আওতায় থাকবে।
নির্বাচনী প্রার্থী ও তাদের এজেন্টদের জন্য, রিটার্নিং কর্মকর্তার অনুমোদন এবং স্টিকার প্রদর্শনের শর্তে একটি করে ছোট যানবাহন (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহারের অনুমতি থাকবে।































