রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

- সর্বশেষ আপডেট ১১:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 204
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ব্যবসায়ীদের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক করেছেন।
ভাষণে তিনি বলেন, “আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানাই। রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে মানুষের ভোগান্তি বাড়ানো উচিত নয়। তবে আমরা লক্ষ্য করি, কিছু ব্যবসায়ী এই সময়ে অতিরিক্ত মুনাফার প্রবণতা দেখান।’’
প্রধানমন্ত্রী আরও বলেন, “আপনাদের প্রতি আমার অনুরোধ, রমজানের পবিত্রতা রক্ষার জন্য এই মাসকে শুধুমাত্র মুনাফার মাস হিসেবে বিবেচনা করবেন না। দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে ব্যাপারে সতর্ক থাকুন।”
তিনি উল্লেখ করেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও জনস্বার্থ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। “আমরা প্রতিটি অনিয়ম এবং সিন্ডিকেট ভেঙে জনগণের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ,” তিনি বলেন।
প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের জন্য স্পষ্ট করে বলেন, “ক্ষুদ্র, মাঝারি বা বড়—সব ধরনের ব্যবসায়ীর জন্য সরকারের দৃষ্টিভঙ্গি একই। সরকার চাই উভয় পক্ষের স্বার্থ রক্ষা করা। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বা ক্রেতা-বিক্রেতার স্বার্থ রক্ষা করতে যেকোনো পরামর্শ বা অভিযোগ আমাদের কাছে জানাতে পারেন।”
তিনি শেষ করেন, “ক্রেতা, বিক্রেতা, গ্রহীতা—এই সরকার সবারই সরকার। আপনারা ভোটের মাধ্যমে এই সরকারকে ক্ষমতায় এনেছেন, আপনারাই আমাদের শক্তি।”
































