যোগ্যতার ভিত্তিতে সেনা পদোন্নতির নির্দেশ

- সর্বশেষ আপডেট ০৩:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 148
সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বাইরে থেকে মেধা, যোগ্যতা, সততা ও পেশাগত দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) আর্মড ফোর্সেস ডিভিশনে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জেনারেলদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন,
একজন সেনা কর্মকর্তার পদোন্নতির প্রধান ভিত্তি হওয়া উচিত তার মেধা ও যোগ্যতা। পাশাপাশি সততা, ন্যায়পরায়ণতা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের সক্ষমতা, দূরদর্শিতা এবং শারীরিক সক্ষমতাকেও বিবেচনায় নিতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী পর্ষদের মাধ্যমে বাছাই করা কর্মকর্তারা ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারত্ব, সাফল্য ও গৌরবের ধারাবাহিকতা আরও শক্তিশালী করবেন।
সরকারপ্রধান বলেন, বর্তমান সরকারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’ এবং জনগণের স্বার্থ রক্ষায় ‘সবার জন্য বাংলাদেশ’। প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি শুধু সামরিক সক্ষমতায় নয়, বরং জাতীয় ঐক্য, প্রস্তুতি ও সহনশীলতার মধ্যেও নিহিত।
তিনি জানান, সময়ের সঙ্গে যুদ্ধের ধরন পরিবর্তিত হয়েছে। এখন সাইবার নিরাপত্তা, তথ্যযুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভূ-কৌশলগত প্রতিযোগিতা প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সংখ্যার চেয়ে সক্ষমতা, সম্প্রসারণের চেয়ে কার্যকারিতা এবং একক বাহিনীকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে যৌথ সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে সমন্বিত প্রতিরক্ষা পরিকল্পনা, দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং যুগোপযোগী নীতিমালা প্রণয়নের কথাও উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শুরুতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ ও দেশের ইতিহাসে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনীর শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা ও পেশাদারত্বের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সম্মান অর্জন করেছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্যোগ মোকাবিলা ও জাতীয় স্বার্থ রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। গণতান্ত্রিক পরিবেশে যোগ্যতা, দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে জনগণের আস্থা আরও দৃঢ় করার আহ্বান জানান তিনি।































