যেকারণে বাংলাদেশে নিষিদ্ধ ভারতের স্পাইসজেটের ফ্লাইট

- সর্বশেষ আপডেট ১১:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 299
বাংলাদেশের আকাশসীমা ব্যবহার থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে ভারতের স্বল্পমূল্যের বিমান সংস্থা স্পাইসজেট–এর ফ্লাইট। এয়ার ন্যাভিগেশন চার্জ বাবদ প্রায় ৪২ কোটি টাকা বকেয়া থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশের আকাশপথ ব্যবহার বন্ধ হওয়ায় সংস্থাটির পূর্বাঞ্চলগামী কয়েকটি ফ্লাইট এখন বিকল্প রুটে চলাচল করছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী উড়োজাহাজগুলোকে বাংলাদেশ এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। এতে উড়ান সময় বাড়ার পাশাপাশি জ্বালানি ব্যয়ও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিষেধাজ্ঞার ফলে পূর্বাঞ্চলীয় রুটগুলোতে সরাসরি উড়ানের সুবিধা আর থাকছে না। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪–এর তথ্যেও দেখা গেছে, সংশ্লিষ্ট রুটের ফ্লাইটগুলো বাংলাদেশ আকাশসীমা এড়িয়ে চলাচল করছে।
বিশেষজ্ঞদের মতে, স্বল্প দূরত্বের এসব রুটে সময় ও জ্বালানি সাশ্রয়ের জন্য ওভারফ্লাইট অনুমতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় নিষেধাজ্ঞা বহাল থাকলে পরিচালন ব্যয় বাড়বে, যা সংস্থাটির আর্থিক চাপে নতুন বোঝা হয়ে দাঁড়াতে পারে।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রান্তিকে স্পাইসজেট ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি নিট লোকসানের তথ্য প্রকাশ করেছে। বাড়তি ব্যয় ও এককালীন কিছু খরচের প্রভাবেই লোকসান বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি সমাধানে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। তারা আশা করছেন, পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।



































