যুদ্ধ বন্ধে আলোচনা নয়, ইরান সম্পূর্ণ ধ্বংসের পক্ষে ট্রাম্প
- সর্বশেষ আপডেট ০৯:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 109
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যুদ্ধ থামাতে কোনো আলোচনা চান না। তার মতে, এই সংঘাত এমন পর্যায়ে যেতে পারে যেখানে ইরানের সামরিক শক্তি ও শাসনব্যবস্থাই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
একই সময় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন হতে পারে যে আত্মসমর্পণ করার মতো কেউই আর থাকবে না।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সংঘাতের শুরুর দিকে নিহত হওয়ার পর তার উত্তরসূরি বাছাইয়ে দেশটির বিশেষ ধর্মীয় পরিষদ দ্রুত বৈঠকে বসতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এ অবস্থায় ইসরায়েল ইরানের বিভিন্ন জ্বালানি সংরক্ষণ স্থাপনায় নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ইরান আর ‘মধ্যপ্রাচ্যের বুলী’ নয় এবং প্রয়োজন হলে নতুন লক্ষ্যবস্তুতেও হামলা বাড়ানো হবে।
তবে সংঘাতে কুর্দি যোদ্ধাদের যুক্ত করার প্রস্তাব তিনি নাকচ করেছেন, এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, অন্য দেশ থেকে আক্রমণ না এলে তারা এসব হামলা বন্ধ রাখবে।
চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৩৩২ ইরানি বেসামরিক নাগরিক নিহত ও হাজারো মানুষ আহত হয়েছে বলে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন।
পাল্টা হামলায় ইসরায়েলে ১০ জন এবং ছয় মার্কিন সেনা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।
সংঘাত ছড়িয়ে পড়ায় কুয়েত, ইরাক ও কাতারে তেল উৎপাদন কমতে শুরু করেছে। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং বিশ্ব বাণিজ্য ও বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়ছে।
































