যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটার সম্ভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 66
মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান বা যুদ্ধবিরতি হলেও বিশ্বজুড়ে জ্বালানি সংকট অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) দেওয়া বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা জানান। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মিলিত সম্পদ ব্যবহারের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে এক প্রতিকূল সময় পার করছে। জ্বালানি সংকটের কারণে এই অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ও সামাজিক কাঠামো হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই সংকটে আমাদের একে অপরের প্রয়োজনীয়তা বুঝতে হবে এবং সম্মিলিত শক্তি দিয়ে সংকট মোকাবিলা করতে হবে।
বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার বর্তমান কাঠামোটি পুনরায় পর্যালোচনার সময় এসেছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ ও আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রক্ষা করা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ প্রস্তাবনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল (Supply Chain) এবং ডিজিটাল বাণিজ্যের সাথে যুক্ত করতে ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে (এমএসএমই) শক্তিশালী করা হবে এবং স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক বাজারের সাথে সরাসরি যুক্ত করা সম্ভব হবে।
































