মোদির আশ্বাসেও থামছে না আন্দোলন
- সর্বশেষ আপডেট ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 47
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেও আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না শিক্ষার্থী ও আন্দোলনকারীরা।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নফাঁসের সুষ্ঠু তদন্ত, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং জাতীয় পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শুক্রবার (২৪ জুলাই) সংগঠনটি ‘এভরি ডিস্ট্রিক্ট, ওয়ান ডে, ওয়ান ডিমান্ড’ কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষার্থী ও নাগরিকদের নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে।
এদিকে আন্দোলনের অচলাবস্থা নিরসনে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং জাতীয় পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি তুলে ধরা হবে।
বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের একটি হাসপাতালে বিজেপি নেতাদের উপস্থিতিতে অনশন ভাঙেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—এমন আশ্বাস সরকার দিয়েছে।
পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে প্রশাসনিক রদবদলও আনা হয়েছে।
তবে এসব পদক্ষেপে সন্তুষ্ট নয় সিজেপি। সংগঠনটির দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।



































