মোজতবা খামেনির নতুন বার্তা
- সর্বশেষ আপডেট ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 112
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপের মুখেও ইরান আরও শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইরানিদের প্রতিরোধের চেতনা তাদের ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্যের গভীর শিকড় থেকে উঠে এসেছে।
জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস এবং প্রখ্যাত কবি ফেরদৌসিকে স্মরণ করে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। শুক্রবার (১৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ‘জায়নবাদী আগ্রাসনের’ বিরুদ্ধে সাম্প্রতিক প্রতিরোধ ইরানকে আরও দৃঢ় করেছে। তার ভাষ্য, মহাকবি ফেরদৌসির রচনায় যে বীরত্ব, আত্মত্যাগ ও সংগ্রামের কথা উঠে এসেছে, তা আজও ইরানিদের জীবনে বাস্তব হয়ে আছে।
তিনি উল্লেখ করেন, ফেরদৌসির বিখ্যাত মহাকাব্য ‘শাহনামা’ শুধু সাহিত্য নয়, বরং ইরানি জাতিসত্তা ও ঐক্যের প্রতীক। এই সাহিত্যই বিভিন্ন জাতিগোষ্ঠী ও সামাজিক শ্রেণির মানুষকে একই বন্ধনে যুক্ত করেছে এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জুগিয়েছে।
খামেনি আরও বলেন, ইরানি পুরাণের অশুভ চরিত্র ‘জাহাক’ আজকের বিশ্বের আগ্রাসী শক্তিগুলোর প্রতীক হিসেবেও দেখা যেতে পারে। সেই ইঙ্গিত টেনে তিনি বলেন, বহিঃশক্তির চাপ বা হুমকির কাছে ইরান কখনো নতি স্বীকার করবে না।
তার দাবি, ফার্সি ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যই ইরানের প্রতিরোধের মূল প্রেরণা। ইতিহাসের নানা সংকটেও ইরান নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।





































