নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎ এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় বুধবার (১৩ মে) দুপুরে জেরা (JERA) মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনার সূত্রপাত।
দগ্ধদের মধ্যে নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আলআমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০) রয়েছেন। তাদের সবাইকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা ক্যান্টিনে বুফে লাঞ্চ করছিলেন। ঠিক তখনই ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত অন্তত ১২ জনের শরীরের বিভিন্ন অংশ—হাত, মুখ ও পা—পুড়ে যায়। পরে সহকর্মীরাই তাদের উদ্ধার করে ঢাকায় পাঠান।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, রান্নার পর গ্যাস চুলা সচল থাকতে পারে। ধারণা করা হচ্ছে, কেউ আগুন জ্বালানোর সময় জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দুপুরে একসঙ্গে ১২ জন রোগী ভর্তি করা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা পরীক্ষা করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হচ্ছে।