মির্জা আব্বাসকে নিয়ে পাটওয়ারীর পোস্টে আলোচনা

- সর্বশেষ আপডেট ০৬:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 189
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস–এর শারীরিক অবস্থার উন্নতির খবর প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে নতুন প্রতিক্রিয়া দেখা গেছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক ও তার সাবেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক মাধ্যমে তাকে ঘিরে দেওয়া এক মন্তব্য ঘিরে আলোচনা তৈরি হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তিনি পরিবারের সঙ্গে কথা বলতেও সক্ষম হয়েছেন বলে জানান।
এর কিছুক্ষণ পর বিভিন্ন গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, “ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড”—যা নিয়ে অনলাইনে বিভিন্ন আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং বর্তমানে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন।
পরিবার সূত্রের বরাতে জানা গেছে, তিনি এখন শঙ্কামুক্ত এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে সেরে উঠছেন। ঈদুল আজহার আগেই দেশে ফেরানোর পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।
































