মিরপুর টেস্টে জয়ে বাংলাদেশের ৭ উইকেট, পাকিস্তানের দরকার ১৫২ রান
- সর্বশেষ আপডেট ০৩:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 10
মিরপুর টেস্টের শেষ দিনে জমে উঠেছে নাটকীয় লড়াই। জয়ের জন্য পাকিস্তানের দরকার আরও ১৫২ রান, আর বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট। চা-বিরতিতে ৩ উইকেটে ১১৬ রান তুলে ম্যাচে টিকে আছে সফরকারীরা।
পঞ্চম দিনের শেষ সেশনকে সামনে রেখে রোমাঞ্চ ছড়াচ্ছে মিরপুর টেস্ট। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।
তবে রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। তাসকিন আহমেদের দারুণ এক ডেলিভারিতে মাত্র ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন ইমাম উল হক। এরপর মেহেদী হাসান মিরাজ ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে। ১৫ রান করে বোল্ড হন তিনি।
অধিনায়ক শান মাসুদও বেশিক্ষণ টিকতে পারেননি। নাহিদ রানার গতির সামনে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ২ রান করা এই ব্যাটার। ৬৮ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
তবে এরপর প্রতিরোধ গড়েছেন সালমান আগা ও আবদুল্লাহ ফজল। চা-বিরতিতে দুজন মিলে অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়েছেন। সালমান ২১ আর ফজল ৬৬ রানে ব্যাট করছেন।
এর আগে ১৫২/৩ নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্রুত রান তোলার চেষ্টা করে। কিন্তু মুশফিকুর রহিম ২২ ও লিটন দাস ১১ রান করে বিদায় নিলে বড় সংগ্রহ গড়া কঠিন হয়ে পড়ে।
নাজমুল হোসেন শান্ত আবারও দারুণ ব্যাটিং করলেও শতক মিস করেন অল্পের জন্য। নোমান আলীর বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১৫০ বলে ৮৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ইনিংসেও করেছিলেন ১০১ রান।
শেষদিকে মিরাজের ২৪ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংসে লিড ২৬৭ পর্যন্ত নিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে হাসান আলি ও নোমান আলি নেন দুটি করে উইকেট।
এখন সব চোখ শেষ সেশনে। ম্যাচ জিতবে বাংলাদেশ, নাকি পাকিস্তান ছিনিয়ে নেবে অবিশ্বাস্য জয়—মিরপুরে অপেক্ষা রোমাঞ্চকর সমাপ্তির।




































