মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের তদন্ত চলছে
- সর্বশেষ আপডেট ০২:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 9
রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আসন্ন দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ উৎসবকে ঘিরে সন্ত্রাসী হামলার কোনো হুমকি নেই বলেও জানান তিনি। পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় অ্যাপের মাধ্যমে যোগাযোগ ও মনিটরিং ব্যবস্থা চালু থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে না। যারাই এসব ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ঢালাওভাবে সরকারকে দোষারোপ করতে এবং উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে জনগণই বিচার করবে।
































