মিড ডে মিল অনিয়মে ব্যবস্থা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৩:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 235
স্কুল ফিডিং কর্মসূচিতে শিশুদের জন্য সরবরাহ করা খাদ্যের মান ও পুষ্টিগুণ নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যতের সঙ্গে জড়িত এ কর্মসূচিতে দায়িত্বহীনতার সুযোগ নেই।
রোববার রাজধানীতে স্কুল ফিডিং কর্মসূচির সরবরাহকারী প্রতিষ্ঠান, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, বর্তমানে দেশের ১৫১ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম চলছে। প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার এ প্রকল্পে খাদ্যের মান নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রতিষ্ঠান দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যতে তাদের এ কার্যক্রমে রাখা হবে না বলেও সতর্ক করেন তিনি।
সভায় নতুন কয়েকটি নির্দেশনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— সম্পূর্ণ সাপ্লাই চেইন ম্যাপিং, ফুড টেকনিশিয়ান নিয়োগ, স্থানীয়ভাবে খাদ্য সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করা, নির্ধারিত দিনে বিদ্যালয়ে খাবার পৌঁছে দেওয়া এবং মান নিয়ন্ত্রণ জোরদার করা।
ববি হাজ্জাজ বলেন, খাদ্য কোথা থেকে আসছে, কীভাবে প্রক্রিয়াজাত হচ্ছে এবং কার মাধ্যমে বিদ্যালয়ে পৌঁছাচ্ছে— পুরো প্রক্রিয়ার তথ্য সরকারের কাছে থাকতে হবে। সরকারের মূল লক্ষ্য হলো শিশুদের নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা।
সভায় সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মাঠপর্যায়ের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় শিক্ষক, প্রধান শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সমন্বয় আরও বাড়ানোর আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, এটি একটি পাইলট কর্মসূচি। বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে ভবিষ্যতে সারাদেশে আরও কার্যকরভাবে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

































