মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৯:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 18
নতুন সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গুরুত্বপূর্ণ এক একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এই দ্বিপাক্ষিক বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন দুই শীর্ষ নেতার এই একান্ত বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, দুই প্রধানমন্ত্রীর একান্ত আলাপ-আলোচনা শেষে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ শীর্ষ কর্মকর্তারা।
পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানিয়েছেন, এই উচ্চ পর্যায়ের বৈঠকে মূলত দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতের সহযোগিতা, ক্রমবর্ধমান হালাল অর্থনীতি, মালয়েশিয়ায় বাংলাদেশি নতুন কর্মী প্রেরণ প্রক্রিয়া, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বা জন-যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
দ্বিপক্ষীয় আলোচনার পর দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং দ্বিপাক্ষিক সিদ্ধান্তের বিষয়ে বিশ্বকে জানাবেন। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই মধ্যাহ্নভোজে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে মালয় ও বাংলা ভাষায় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনেরও কথা রয়েছে।





































