মানব পাচার রোধে রায়পুরায় ওরিয়েন্টেশন সভা
- সর্বশেষ আপডেট ০৯:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 4
নরসিংদীর রায়পুরায় মানব পাচার প্রতিরোধে স্থানীয় কমিটির সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জনসচেতনতা বৃদ্ধি, সারভাইভার সুরক্ষা এবং ইউনিয়ন পরিষদের বাজেটে মানব পাচার প্রতিরোধ খাতে বরাদ্দ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আমীরগঞ্জ ইউপি মিলনায়তনে এ সভার আয়োজন করে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আশ্বাস প্রকল্পের উদ্যোগে, সুইজারল্যান্ডের অর্থায়ন ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান, ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা নাদিরা আক্তার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রাকিব নাজির, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মনি আক্তার, সংরক্ষিত ইউপি সদস্য খালেদা পারভীন, মোবিলাইজার শিশির রায় ও জোহরা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কমিটি সক্রিয় করা, জনসচেতনতা তৈরি এবং পাচার থেকে ফিরে আসা সারভাইভারদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের বাজেটে এ খাতে বরাদ্দ রাখার আহ্বান জানান তিনি।
এ সময় গ্রাম আদালতের মাধ্যমে মানব পাচার প্রতিরোধে কী ধরনের ভূমিকা রাখা যেতে পারে, তা নিয়ে আলোচনা করেন উপজেলা কো-অর্ডিনেটর মনি আক্তার। সভায় কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়।



































