মাদক-সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

- সর্বশেষ আপডেট ০৪:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 165
নকল দমনের মতো করেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূল করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, নকলমুক্ত শিক্ষা ব্যবস্থার যে উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় এখন লক্ষ্য শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা।
শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কচুয়া থেকে যেভাবে নকলবিরোধী কার্যক্রম সফল হয়েছে, একইভাবে এখান থেকেই মাদকবিরোধী অভিযান শুরু করা হবে।
দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
তারেক রহমান-এর নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত ও উন্নয়নের ধারায় এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানান।
এর আগে নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
































