মব সহিংসতায় আট মাসে প্রাণ গেল ১৫৪ জনের

- সর্বশেষ আপডেট ০১:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 174
দেশে মব সহিংসতা বা গণপিটুনির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছরের প্রথম আট মাসেই মবের হাতে প্রাণ হারিয়েছেন ১৫৪ জন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সারা দেশে মব সহিংসতায় নিহত হয়েছিলেন ১৯৮ জন। এর আগে ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১২৮ জন।
সাম্প্রতিক ঘটনাগুলোতেও মব সহিংসতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। পাবনার কুলুনিয়ায় শিশু কলিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মোস্তাফা কামালের বাড়িতে টানা তিন দিন ভাঙচুর চালানো হয়। এর এক সপ্তাহের মধ্যেই একই জেলায় আরেক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে মামুন ও জুয়েলের দোকানে আগুন এবং বাড়িঘরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বাগেরহাটের মোল্লাহাটে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিনে রাজশাহীর চণ্ডিপুরে টাকা ভাঙতি না দেওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগও উঠেছে। অর্ধশতাধিক যুবক ওই দোকান ও বাড়িঘরে ভাঙচুর চালানোর পর এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থার ঘাটতি, গুজবের বিস্তার এবং অপরাধের দৃশ্যমান বিচার না হওয়ায় এক শ্রেণির মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ হোসেন বলেন, জনগণের সঙ্গে পুলিশের যে আস্থার সম্পর্ক থাকা দরকার, তা এখনো পুরোপুরি ফিরে আসেনি। মানুষের প্রতিকারের জায়গাটি আরও কার্যকর করতে হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, মব সহিংসতা ঠেকাতে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি স্থানীয় মানুষের সহযোগিতাও প্রয়োজন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যমান জনবল, প্রযুক্তিগত সক্ষমতা ও লজিস্টিক সুবিধা কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবিলা সম্ভব। এ ক্ষেত্রে কমিউনিটি বেসড পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।
তবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হলেও মব সহিংসতার ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। একের পর এক ঘটনায় অভিযোগ ওঠার পাশাপাশি বিচারবহির্ভূতভাবে মানুষের প্রাণহানির সংখ্যাও বাড়ছে। ফলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ঠেকাতে কার্যকর আইন প্রয়োগ ও জনআস্থা পুনর্গঠনের বিষয়টি সামনে এসেছে।

































