মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির প্রভাব পড়েছে বিমান চলাচলে। ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে অনেক ফ্লাইট স্থগিত হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন বিদেশগামী বাংলাদেশি কর্মীরা। এই পরিস্থিতিতে গমনেচ্ছু কর্মীদের সহায়তায় সরকার একটি হটলাইন চালু করেছে।
আরও পড়তে পারেন
রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কেউ কেউ ইতোমধ্যে নির্ধারিত যাত্রা করতে না পেরে বিপাকে পড়েছেন। এ ধরনের সমস্যায় পড়া কর্মীদের তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ দিতে ১৬১৩৫ নম্বরে (টোল ফ্রি) সার্বক্ষণিক যোগাযোগের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় এ হটলাইন কার্যক্রম চালু করা হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ফ্লাইট পুনঃনির্ধারণ, ভিসা সংক্রান্ত জটিলতা কিংবা প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা—এসব বিষয়ে কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হবে।
এদিকে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রুটে ফ্লাইট সাময়িক স্থগিত থাকলেও দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যে নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হচ্ছে। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাটে ১ মার্চের নির্ধারিত সব ফ্লাইট সময়মতো পরিচালিত হবে।
সরকারি সূত্রে বলা হচ্ছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। তাই ভ্রমণ পরিকল্পনা করা কর্মীদের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসে কর্মসংস্থানের সঙ্গে জড়িতদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
































