ভোট উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় জাতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

- সর্বশেষ আপডেট ০৬:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 109
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভোটগ্রহণ শেষে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের সংযম এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পেশাদারিত্ব প্রমাণ করেছে গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার অটুট।
তিনি ভোটগ্রহণে যুক্ত সব কর্মকর্তা ও কর্মচারী, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল ও গণমাধ্যমকর্মীদের বিশেষ ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক দল ও প্রার্থীরা গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখুক। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি জোর দেন, জনগণই সব ক্ষমতার উৎস এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ নির্বাচন নতুন বাংলাদেশের একটি আনন্দমুখর যাত্রার সূচনা করেছে এবং শান্তিপূর্ণ এ ধারা অব্যাহত থাকলে গণতন্ত্র আরও উন্নতির শিখরে পৌঁছাবে।
































