ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে বেলাবোয় মানববন্ধন

- সর্বশেষ আপডেট ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 154
নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভোটাররা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই পুরোনো কেন্দ্রটি থেকে প্রায় ৯০০ ভোটারকে সরিয়ে সল্লাবাদ পশ্চিমপাড়ার একটি মাদ্রাসায় নতুন ভোটকেন্দ্র করা হয়েছে।
স্থানীয়রা জানান, নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগে প্রায় ২ হাজার ৩০০ ভোটার ভোট দিতেন। স্বাধীনতার পর থেকে ওই কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে আসছেন তারা। নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হওয়ায় বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের ভোট দিতে ভোগান্তিতে পড়তে হবে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান। এ সময় বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য কামরুজ্জামান আজিমসহ স্থানীয়রা বক্তব্য দেন।
কামরুল ইসলাম বলেন, নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দীর্ঘদিন ধরে এলাকার ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করে আসছে। কেন্দ্রটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে আগের কেন্দ্রেই সব ভোটারের ভোট দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
কর্মসূচি থেকে স্থানীয়রা নতুন কেন্দ্র বাতিল করে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পুনর্বহালের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কাররুল হাসান উপস্থিত ছিলেন।































