ভোলায় গরু-মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন

- সর্বশেষ আপডেট ০৩:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 170
ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি বন্ধ, পশুপালকদের নিরাপত্তা জোরদার, নিয়মিত চিকিৎসাসেবা ও সরকারি সহায়তার দাবিতে মানববন্ধন করেছেন খামারি ও মহিষ মালিকরা। পরে এসব দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির নেতারা ছাড়াও বিভিন্ন চরাঞ্চলের পশুপালকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত ভোলার বিভিন্ন চরাঞ্চল এবং সদর উপজেলার চর মদনপুর, চর গাজীপুর, চর বৈরাগী, চর কালী, চর কাঁকড়া, চর নেয়ামতপুর, মধুপুর ও চর কাচিয়াসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু-মহিষ পালন করে আসছেন স্থানীয়রা। এসব গবাদিপশু অনেক পরিবারের প্রধান সম্পদ ও জীবিকার উৎস।
তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে চরাঞ্চলে গরু-মহিষ চুরি বেড়ে যাওয়ায় পশুপালকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নদীবেষ্টিত ও দুর্গম এলাকাগুলোতে চুরি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে চর মদনপুরে স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন, পুলিশ, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও আনসারের সমন্বয়ে যৌথ টহল জোরদার এবং চুরি যাওয়া গবাদিপশু উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি করেন পশুপালকরা।
এ ছাড়া দুর্যোগ ও চুরি থেকে গবাদিপশু রক্ষায় চরাঞ্চলে ‘কিল্লা’ নির্মাণ, নিয়মিত পশু চিকিৎসা ক্যাম্প চালু, টিকা ও কৃত্রিম প্রজননসেবা নিশ্চিত এবং সহজ শর্তে স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে দুপুরে ভোলা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির নেতারা। এতে চরাঞ্চলের গবাদিপশুর নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিত কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে চুরি যাওয়া গরু-মহিষ উদ্ধার করা সম্ভব না হলে তদন্ত ও প্রমাণের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত প্রকৃত মালিকদের সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ভোলার মহিষের দধি জিআই পণ্য হওয়ায় এর ঐতিহ্য সংরক্ষণ, পশুপালকদের প্রশিক্ষণ, উন্নত জাতের মহিষ পালন, চিকিৎসাসেবা ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি জানানো হয়।
ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন হাং ও সভাপতি মো. আবুল কাসেম মাষ্টারের সই করা স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরা হয়।































