ভোজ্য তেলের দাম না বাড়াতে সরকারের হস্তক্ষেপ চাইল ক্যাব
- সর্বশেষ আপডেট ০৮:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 125
ভোজ্য তেলের দাম বাড়ানোর নতুন উদ্যোগ বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারের অজুহাতে বারবার দাম বাড়ানো হলেও দাম কমলে তার সুফল ভোক্তারা পান না।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, আন্তর্জাতিক বাজারকে সামনে রেখে ব্যবসায়ীরা প্রায়ই খাদ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু বৈশ্বিক বাজারে দাম কমলেও দেশের বাজারে তার প্রতিফলন দেখা যায় না।
তার ভাষ্য, সয়াবিন তেলের দাম বাড়ানোর সুযোগ দীর্ঘদিন ধরেই খুঁজছিলেন ব্যবসায়ীরা। ইরান যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করার চেষ্টা সফল না হলেও সম্প্রতি আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এস এম নাজের হোসাইন অভিযোগ করেন, বন্যার অজুহাতে ইতোমধ্যে সবজি ও চালের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ানোর উদ্যোগ সাধারণ মানুষের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। তার দাবি, গুটিকয়েক আমদানিকারক অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে বাজারে কারসাজি করে মূল্য বাড়ানোর চেষ্টা করছেন, যা সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি বলেন, নিত্যপণ্যের বাজার এখন অনেকটাই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে গেছে। এ অবস্থায় ভোজ্য তেলের দাম বাড়ানো হলে তা সাধারণ মানুষের জন্য আরও বড় সংকট তৈরি করবে। এমনিতেই উচ্চমূল্যের চাপে মানুষ কষ্টে আছে, নতুন মূল্যবৃদ্ধি সেই চাপ আরও বাড়াবে।
ক্যাবের এই নেতা বলেন, ব্যবসায়ীদের ইচ্ছামতো মূল্য নির্ধারণের প্রবণতা বন্ধে সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে বাজারে অস্থিরতা আরও বাড়বে এবং এর প্রভাব সামগ্রিক পরিস্থিতির ওপরও পড়তে পারে।






























