ভাষণের সময় পরিবর্তন, রাতে জাতির উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 219
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে নির্ধারিত ভাষণের সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, বুধবার রাত পৌনে ১০টায় তিনি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এবং বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, প্রশাসনিক ব্যস্ততা ও দাপ্তরিক কাজের সমন্বয়ের কারণে পূর্বঘোষিত সময় থেকে ভাষণটি পিছিয়ে দেওয়া হয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে ঘোষণা করা হয়েছিল, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন। তবে সারাদিনের সরকারি কার্যক্রম ও বৈঠকের চাপ থাকায় সময় পুনর্নির্ধারণ করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক জাতির উদ্দেশে ভাষণ।
দায়িত্ব গ্রহণের পর বুধবার ছিল প্রধানমন্ত্রীর প্রথম পূর্ণাঙ্গ কর্মদিবস। দিনের শুরুতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুরে সচিবালয়ে গিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি পর্যালোচনায় অংশ নেন তিনি।































