ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১১:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 15
নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসের পোর্ট লুইসে পৌঁছেছেন। সফরকালে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাওয়ার উদ্যোগ থাকবে বলে জানা গেছে।
শুক্রবার মরিশাসের রাজধানীতে শুরু হওয়া এ সম্মেলনে অঞ্চলভিত্তিক সহযোগিতা ও ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আলোচনা করছেন বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা। এতে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই সঙ্গে ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ে এ সম্মেলনকে কাজে লাগাতে চায় ঢাকা—এমনটিই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে বুধবার নয়াদিল্লিতে একাধিক বৈঠক শেষে তিনি মরিশাসে পৌঁছান এবং ভারতীয় শীর্ষ নেতাদের সঙ্গেও আলোচনা করেন।
সম্মেলনটি আয়োজন করেছে ইন্ডিয়া ফাউন্ডেশন, মরিশাস সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর মূল বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
২০১৬ সালে যাত্রা শুরু করা এই সম্মেলনটি বর্তমানে প্রায় ৩০টি দেশের অংশগ্রহণে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।































