ভারত থেকে বিস্ফোরক আমদানি, মিয়ানমারে আলু রপ্তানি
- সর্বশেষ আপডেট ০৪:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 11
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য দেশে আনা হয়েছে। অন্যদিকে প্রায় এক বছর পর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে আলু রপ্তানি শুরু হয়েছে। দুই সীমান্ত বন্দরেই নিরাপত্তা ও বাণিজ্যিক তৎপরতা বেড়েছে।
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির জন্য ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে চালানটি বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়।
বন্দর সূত্র জানায়, প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক আনা হয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্য নিরাপদে সংরক্ষণ ও পরিবহনের জন্য পুরো বন্দর এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত গন্তব্যে এসব পণ্য পাঠানো হবে।
এদিকে প্রায় এক বছর বন্ধ থাকার পর টেকনাফ স্থলবন্দর দিয়ে আবারও মিয়ানমারে পণ্য রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ৪০ মেট্রিক টন আলু মিয়ানমারের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা মাহবুব রহমান জানান, ট্রলারে আলু তোলার কাজ শেষ হলে বিকেলের দিকে চালানটি মিয়ানমারের উদ্দেশে রওনা দেবে।
বন্দর ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, সীমান্ত বাণিজ্য ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ভবিষ্যতে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১ মে মিয়ানমার থেকে কাঠবোঝাই একটি বোট টেকনাফ বন্দরে পৌঁছায়, যা সীমান্ত বাণিজ্য পুনরায় সচল হওয়ার ইঙ্গিত দেয়।
































