ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর ফিরল লাশ

- সর্বশেষ আপডেট ০৯:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 201
ভারতের কারাগারে মৃত্যুবরণ করা খাইরুজ্জামালের লাশ অবশেষে দেশে ফিরেছে ৩৮ দিন পর। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের চেংড়াবান্দা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিক হস্তান্তরের পর মরদেহ তার পরিবারের হাতে পৌঁছায়।
খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার তাগিদে ভারতে গিয়েছিলেন তিনি। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে কারাভোগ করতে থাকেন। অসুস্থতার কারণে গত ১০ ফেব্রুয়ারি জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুর পর লাশ দেশে আনার জন্য দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া চালানো হয়। টানা ৩৮ দিনের চেষ্টা শেষে বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। রাতেই নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উলিপুর থানার ওসি সাইদ ইবনে সিদ্দীক নিশ্চিত করেছেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর খাইরুজ্জামালের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



































