ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে প্রাণ গেল ৪ জনের
- সর্বশেষ আপডেট ০১:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 13
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে ৪ জন যাত্রী নিহত হয়েছেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বইশামোড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি যাত্রী নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হুট করেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ও নিহতদের উদ্ধার করতে শুরু করেন।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনা ও উদ্ধার কাজের বিস্তারিত তথ্য এখনও আসার অপেক্ষায় রয়েছে।
































