ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
- সর্বশেষ আপডেট ০১:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / 98
দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্পখাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও বড় শিল্পগ্রুপের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে কাঠামোগত সংলাপ গড়ে তুলতে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থ ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল ও ভোগ্যপণ্য খাতের নয়জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতের স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা, নীতিগত প্রতিবন্ধকতা, কর কাঠামো, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এবং ব্যাংকিং খাতের সমস্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। ব্যবসায়ী নেতারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরছেন।

































