বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়ের প্রবৃদ্ধি
- সর্বশেষ আপডেট ০৫:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 22
দেশে আবারও বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। একই সময়ে কমেছে মজুরি বৃদ্ধির হার। ফলে সাধারণ মানুষের ব্যয় বাড়লেও আয়ের প্রবৃদ্ধি কমেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।
মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে। বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে বিবিএস।
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৩০ শতাংশে নেমেছে, যা আগস্টে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
গ্রামীণ এলাকায় সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। এ সময়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ০১ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ১৮ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৯ শতাংশ থেকে সামান্য কমে ৯ দশমিক ৫৭ শতাংশে নেমেছে।
শহরাঞ্চলেও মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরে শহরে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ২০ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২৫ শতাংশ হয়েছে। বিপরীতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৯৪ শতাংশে দাঁড়িয়েছে।
এদিকে মূল্যস্ফীতি বাড়লেও সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার কমেছে। বিবিএসের মজুরি হার সূচক (ডব্লিউআরআই) অনুযায়ী, সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ০৫ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে কৃষিতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ, শিল্পে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশ।
বিবিএস জানিয়েছে, দেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে।































