বিদেশে বিয়ে বন্ধ করে হোম অফিসে চালুর আহ্বান মোদির
- সর্বশেষ আপডেট ০৪:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 20
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় ভারতের নাগরিকদের ব্যয় ও জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি সামাল দিতে তিনি দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তনের পরামর্শ দেন।
রোববার (১০ মে) হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি নাগরিকদের প্রয়োজন অনুযায়ী গণপরিবহন ব্যবহার, কার-পুলিং এবং বাসা থেকে কাজ (হোম অফিস) চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, বিদেশে বিয়ে বা অনুষ্ঠান আয়োজন এবং স্বর্ণ কেনা সাময়িকভাবে সীমিত রাখার আহ্বান জানান তিনি।
মোদি বলেন, বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল নাগরিক আচরণই প্রকৃত দেশপ্রেমের অংশ। তার ভাষায়, দেশের স্বার্থে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, জ্বালানি খরচ কমাতে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার, রেল পরিবহনকে অগ্রাধিকার দেওয়া এবং দেশীয় পণ্য ব্যবহারের দিকে ঝুঁকতে হবে। কৃষিখাতে ডিজেল নির্ভরতা কমিয়ে সৌরশক্তি ব্যবহারের ওপরও তিনি জোর দেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশেষ করে হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ববাজারে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশই নিজস্ব জ্বালানি চাপ কমাতে নীতিগত পদক্ষেপ নিচ্ছে।



































