অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
আরও পড়তে পারেন
শুক্রবার (৬ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়। কিন্তু এসব বিষয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।
তিনি জানান, সংসদ না থাকায় সে সময় বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে।
একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে তারা বারবার দাবি জানিয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকার সে দাবিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার এবং এখানে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।
এদিকে সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন। তার ভাষ্য, চুক্তিটি গোপনে করা হয়নি।
































