পিতৃপরিচয় না থাকায়
বিদেশফেরত মায়ের সন্তান, অধিকারহীন শৈশব

- সর্বশেষ আপডেট ০২:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 261
ভালো জীবনের আশায় বিদেশে পাড়ি দিয়েছিলেন তারা। কিন্তু সেখানে গিয়ে কেউ হয়েছেন নির্যাতনের শিকার, কেউ প্রতারণার, আবার কেউ অনিচ্ছাকৃত গর্ভধারণের পর সন্তান নিয়ে দেশে ফিরেছেন। দেশে ফেরার পরও তাদের দুর্ভোগ শেষ হয়নি। পরিবার ও সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পাশাপাশি সন্তানকে জন্মনিবন্ধন করাতে গিয়ে পড়তে হচ্ছে নানা জটিলতায়। আর জন্মনিবন্ধন না থাকায় অনেক শিশুর জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যালয়ের দরজা।
আইনে পিতৃপরিচয়হীন শিশুর জন্মনিবন্ধনের সুযোগ থাকলেও বাস্তবে স্থানীয় পর্যায়ে তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। কোথাও চাওয়া হচ্ছে বাবার নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য, আবার কোথাও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন ও প্রক্রিয়া সম্পর্কে অস্পষ্টতার কারণে আটকে যাচ্ছে আবেদন। ফলে শিশুটির জন্মের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা ‘পিতৃপরিচয়’ই তার শিক্ষা, সামাজিক স্বীকৃতি এবং ভবিষ্যৎ নাগরিক অধিকার পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
জর্ডানফেরত অভিবাসী নারী মনিকা (ছদ্মনাম) এমনই এক ভুক্তভোগী। তার মেয়ের বয়স এখন আট বছর। এত বছরেও শিশুটির জন্মনিবন্ধন হয়নি। এ কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়েকে ভর্তি করাতে পারেননি তিনি। নিজের লেখাপড়া হয়নি দারিদ্র্যের কারণে। তাই মেয়েকে অন্তত পড়াশোনা করানোর স্বপ্ন ছিল তার। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্থানীয় একটি মাদ্রাসায় মেয়েকে ভর্তি করান।
মনিকার বাবা তারা মিয়া জানান, নাতনির জন্মনিবন্ধনের জন্য কয়েকবার স্থানীয় চেয়ারম্যান জাহিদের কাছে গেলেও পিতার নাম ছাড়া জন্মনিবন্ধন হবে না বলে জানানো হয়। চেয়ারম্যানের বক্তব্য ছিল, ‘বাপের নাম লাগব, জন্মনিবন্ধন করতে। আমি কেইস খামু নাকি?’
অথচ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট বিধানে পিতৃপরিচয়হীন, মাতৃপরিচয়হীন কিংবা পরিচয়হীন ব্যক্তির জন্মনিবন্ধনের সুযোগ রয়েছে। আইন অনুযায়ী, তথ্যের ঘাটতির কারণে এতিম, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, পিতৃ বা মাতৃপরিচয়হীন, পরিচয়হীন, বেদে, ভবঘুরে, পথবাসী, ঠিকানাহীন কিংবা যৌনকর্মী হওয়ায় কারও জন্ম বা মৃত্যু নিবন্ধন প্রত্যাখ্যান করা যাবে না। যে তথ্য পাওয়া যাবে না, সংশ্লিষ্ট ঘরে ‘অপ্রাপ্য’ লিখে নিবন্ধনের বিধান রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধনের সহকারী রেজিস্ট্রার জেনারেল (আইন ও গবেষণা) সামিউল ইসলাম রাহাদ বলেন, দেশে ফিরে আসা অভিবাসী নারী কর্মীদের সন্তানদের জন্মনিবন্ধনের জন্য পিতৃপরিচয়ের প্রয়োজন নেই। ইউনিয়ন পরিষদের কর্মকর্তার মাধ্যমে এ বিষয়ে আবেদন করা যায়।
তিনি বলেন, পিতৃপরিচয় না থাকার কারণে কোনো শিশুকে সারাজীবন ভুগতে হবে; এটি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে দেশের প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপরও কোথাও সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সিংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিরুন রহমান সৌরভও স্বীকার করেন, আইনে পিতৃপরিচয়হীন ও পরিচয়হীন শিশুর জন্মনিবন্ধনের সুযোগ রয়েছে। তবে বাস্তবে প্রক্রিয়াটি আরও সহজ হওয়া প্রয়োজন। জন্মনিবন্ধন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকারীদের কেউ কেউ আইন ও বিধানের ভুল ব্যাখ্যা করে আবেদনকারীদের সমস্যায় ফেলছেন বলেও জানান তিনি।
নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরেন মনিকা
মনিকার বিদেশযাত্রার গল্পও ছিল স্বপ্নভরা। মাত্র ১৬ বছর বয়সে গৃহকর্মীর কাজ নিয়ে জর্ডানে যান তিনি। রিক্রুটিং এজেন্সির সিংগাইর এলাকার সাব-এজেন্ট কাশেম ও ধল্লা ইউনিয়নের ধলাবাসতা গ্রামের সাব-এজেন্ট আয়শা তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। ঢাকায় প্রশিক্ষণ ও বিদেশে পাঠানোর জন্য পরিবারের কাছ থেকে নেওয়া হয় ১০ হাজার টাকা।
জর্ডানে পৌঁছানোর পরই তার পাসপোর্ট নিয়ে নেন গৃহকর্তা। কাজের পাশাপাশি প্রায় তিন মাস গৃহকর্তা ও পরিবারের অন্য পুরুষ সদস্যদের যৌন নির্যাতনের শিকার হন তিনি। ভাষা জানতেন না, পরিচিত কেউ ছিল না। পরিবারের সঙ্গেও যোগাযোগের সুযোগ ছিল না। মাসে ৩০ হাজার টাকা বেতন পেলেও দেশে কীভাবে টাকা পাঠাতে হয়, তা জানা ছিল না তার। ফলে তিন মাসের ৯০ হাজার টাকা নিজের কাছেই থেকে যায়।
একপর্যায়ে ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে বাংলাদেশি এক নারী সোনিয়ার সঙ্গে পরিচয় হয় মনিকার। একই এলাকার মানুষ হওয়ায় তাকে বিশ্বাস করেছিলেন তিনি। কিন্তু সেখানেও প্রতারণার শিকার হন। মনিকার ভাষ্য অনুযায়ী, তার তিন মাসের বেতনের ৯০ হাজার টাকা নিয়ে তাকে একটি বোথেলে নিয়ে যাওয়া হয়। সেখানে জোর করে যৌনকর্মে বাধ্য করা হতো। রাজি না হলে করা হতো মারধর।
কয়েক মাস পর জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। অসুস্থ হয়ে পড়লেও নির্যাতন বন্ধ হয়নি।
প্রায় এক বছর পর মেয়ের সন্ধান পান বাবা তারা মিয়া। মেয়ের কাছ থেকে ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগে সোনিয়ার পরিবারের কাছে টাকা ফেরত চান তিনি। তবে টাকা ফেরত দেওয়া হয়নি। পরিবারের অভিযোগ, অন্তঃসত্ত্বা হয়ে কাজ করতে না পারায় একপর্যায়ে মনিকাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ২০১৮ সালে আউটপাশে শূন্য হাতে দেশে ফেরেন তিনি। কয়েক মাস পর জন্ম হয় তার কন্যাসন্তানের।
দেশে ফিরেও স্বস্তি পাননি মনিকা। পরিবার ও সমাজের কাছ থেকে লাঞ্ছনা, মানসিক নির্যাতন ও বঞ্চনার মুখোমুখি হতে হয়েছে তাকে। একপর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে জানান ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের স্পেশালিস্ট কেইস ম্যানেজমেন্ট আল আমিন।
তিনি জানান, মনিকাকে সাইকোসোশ্যাল কাউন্সেলিং দেওয়া হয়। সন্তান প্রসবের জন্য তাকে ঢাকায় এনে আহ্ছানিয়া মিশনের মা ও শিশু সেফহোমে রাখা হয়। সেখানেই তার কন্যাসন্তানের জন্ম হয়। পরে ব্র্যাক ও লেদারগুডসের উদ্যোগে ২০১৮ সালে মনিকাসহ ২২ জন নারীকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। মনিকার বাবা সেই অর্থ দিয়ে একটি ভ্যান কেনেন।
ব্র্যাকের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত গর্ভবতী অবস্থায় বা সন্তান নিয়ে দেশে ফেরা মাত্র আটজন অভিবাসী নারী কর্মীকে সহায়তা দিয়েছে সংস্থাটি।
বিদেশে যাচ্ছেন লাখো নারী, নেই ঝুঁকিপূর্ণ মাতৃত্বের হিসাব
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১০ এপ্রিল থেকে ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১০টি দেশে অভিবাসী শ্রমিক হিসেবে গেছেন ২ লাখ ১৮ হাজার ১৮১ নারী কর্মী।
এর মধ্যে ২০২৩ সালের ১০ এপ্রিল থেকে ওই বছর ৪৯ হাজার ৬১১ জন, ২০২৪ সালে ৬১ হাজার ১৫০ জন, ২০২৫ সালে ৬২ হাজার ৩৬৫ জন এবং ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৪৫ হাজার ৫৯ জন নারী কর্মী বিদেশে গেছেন।
দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি নারী গেছেন সৌদি আরবে—১ লাখ ৪৫ হাজার ১৮৯ জন। জর্ডানে গেছেন ৪০ হাজার ৯০৬ জন। এছাড়া কাতারে ৬ হাজার ৫৩৭, যুক্তরাজ্যে ৬ হাজার ৪৮৪, ওমানে ৪ হাজার ৩৮৫, সংযুক্ত আরব আমিরাতে ৩ হাজার ৯২৭, কুয়েতে ১ হাজার ৮৭৫, লেবাননে ১ হাজার ৫৯৭, হংকংয়ে ৯৭৫ এবং ব্রুনাইয়ে ৯৩৬ জন নারী কর্মী গেছেন।
তবে এসব নারী কর্মীর মধ্যে কতজন অন্তঃসত্ত্বা অবস্থায় কিংবা সন্তান নিয়ে দেশে ফিরেছেন, তার পূর্ণাঙ্গ কোনো সরকারি হিসাব নেই।
সহায়তার নীতি থাকলেও ঘাটতি তথ্য ও বাস্তবায়নে
সন্তান নিয়ে দেশে ফেরা কিংবা বিদেশে সন্তান জন্ম দিয়ে দেশে আসা অভিবাসী নারীদের জন্য সরকারি বিভিন্ন নীতি ও প্রকল্পে আর্থিক ও সামাজিক সহায়তার সুযোগ রয়েছে। তবে একক মা হিসেবে দেশে ফেরা নারীদের পুনর্বাসন, সন্তানের আইনি অভিভাবকত্ব ও সামাজিক স্বীকৃতির ক্ষেত্রে নীতি ও বাস্তবায়নের মধ্যে এখনও সীমাবদ্ধতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাফায়াত মাহবুব চৌধুরী বলেন, কোনো বিদেশফেরত মা সন্তানের জন্মনিবন্ধন করতে না পারার বিষয়টি মন্ত্রণালয়কে জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জন্মনিবন্ধনের জন্য সুপারিশ করা হবে।
তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ না থাকায় মনিকা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। বিদেশ যাওয়ার আগে ৩ হাজার ৫০০ টাকা দিয়ে বোর্ডের সদস্য হওয়ার সুযোগ রয়েছে। সদস্যরা বিদেশে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরলে নির্দিষ্ট শর্তে আর্থিক সহায়তা পেতে পারেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আসাদুজ্জামান জানান, বিদেশফেরত ক্ষতিগ্রস্ত নারী কর্মীদের জন্য ‘রেইস’ প্রকল্প রয়েছে। ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রকল্পটির মেয়াদ। এ পর্যন্ত ২ লাখ ৫৩ হাজার কর্মীর মধ্যে ২০ হাজার নারী কর্মীকে ১৩ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।
মনিকা অবশ্য এই সহায়তার জন্য আবেদন করেননি। তার পরিবারও জানত না যে ক্ষতিপূরণের জন্য আবেদন করা যায়। শারীরিক ও মানসিক বিপর্যয়ের মধ্যে থাকায় সে সময় আবেদন করার মতো অবস্থায়ও ছিলেন না তিনি।
জন্মনিবন্ধনের অভাবে আটকে যাচ্ছে শিক্ষার পথ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জন্মনিবন্ধন প্রয়োজন। এটি শিশুর গুরুত্বপূর্ণ একটি আইনি দলিল। তাই যাদের দায়িত্ব, তাদের মাধ্যমে দ্রুত জন্মনিবন্ধনের ব্যবস্থা করা জরুরি।
সমস্যাগুলো লিখিতভাবে জানানো হলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এডুকো বাংলাদেশের শিশু শ্রম নিরসন ও শিশু অধিকার সুরক্ষা বিষয়ক ম্যানেজার আফজাল কবির খান বলেন, প্রতিটি শিশুর জন্মনিবন্ধন পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু পিতৃপরিচয়ের জায়গায় ‘অজ্ঞাত’ বা বিকল্প তথ্য ব্যবহারের প্রক্রিয়া অনেকের কাছেই জটিল। এর ফলে তথ্যের ঘাটতির কারণে শিশুরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
তার মতে, অভিবাসী নারী কর্মীদের সন্তানদের বিদ্যালয়ে ভর্তি, ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য নাগরিক অধিকার নিশ্চিত করতে জন্মনিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মনিকার মেয়ের বয়স এখন আট বছর। এই সময়টায় তার স্কুলে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে বসে অক্ষর শেখার কথা। অথচ একটি জন্মনিবন্ধন সনদ না থাকায় তার শিক্ষাজীবনই বাধাগ্রস্ত হয়েছে।
আইনে যখন পিতৃপরিচয়হীন শিশুর জন্মনিবন্ধনের সুযোগ রয়েছে, তখন বাস্তবে কেন কোনো শিশুকে বাবার পরিচয়ের জন্য অপেক্ষা করতে হবে; সেই প্রশ্নই এখন সামনে এসেছে। বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা একজন নারীর জীবনের ক্ষত তার নিজের; সেই ক্ষতের দায় কোনো শিশুর নয়। তাই পিতৃপরিচয়ের অভাবে যেন কোনো শিশুর জন্মনিবন্ধন, শিক্ষা ও ভবিষ্যৎ নাগরিক অধিকার আটকে না যায়, তা নিশ্চিত করাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব।
































