বান্দরবানে সড়ক উন্নয়ন প্রকল্পে পাহাড় কাটার অভিযোগ

- সর্বশেষ আপডেট ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 451
বান্দরবানের সদর উপজেলায় সড়ক উন্নয়ন কাজের নামে পাহাড় কেটে বসতবাড়ি ঝুঁকির মুখে ফেলার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, উন্নয়নের আড়ালে পাহাড় কেটে গাছপালা উজাড় করায় বর্ষা মৌসুমে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, নিলাচল সড়কের টাইগার পাড়া মুখ থেকে সদর ইউনিয়নের রেইছা সিনিয়র পাড়া রুপালী ঝর্ণা পর্যন্ত সড়কটি উন্নয়নে এলজিইডির একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পটির কাজ করছেন ঠিকাদার মাহমুদুল্লাহ মিলন। সড়ক প্রশস্তকরণ ও টার্নিং নির্মাণের নামে পাহাড় কেটে ফেলা হচ্ছে।
টাইগার পাড়া মুখে পাহাড়ের ঢালে বসবাস করেন মহাদেব তংচঙ্গ্যা। তার বাড়ির পাশ ঘেঁষে ভারী যন্ত্রপাতি দিয়ে মাটি কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে তার বসতঘরসহ পাশের আরও কয়েকটি বাড়ি ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি বহু বছর ধরে লাগানো আম, কাঁঠাল ও বরইসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে শিকড় উপড়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের দাবি, টার্নিং প্রশস্তকরণের নামে যেভাবে পাহাড় কাটা হয়েছে, তাতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। বর্ষাকালে মাটি ধসে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অনেকে। তবে ক্ষতিপূরণ বা সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তারা নিশ্চিত নন।
সরেজমিনে দেখা গেছে, নিলাচল সড়কের প্রবেশমুখে পাহাড়ি ঢালে খননযন্ত্র দিয়ে ব্যাপকভাবে মাটি কাটা হয়েছে। কয়েকটি বসতঘরের গা ঘেঁষে কাটা অংশ স্পষ্টভাবে দৃশ্যমান। কাটা জায়গায় বড় বড় গাছের শিকড় উপড়ে পড়ে থাকতে দেখা যায়।
বাড়ির মালিক মহাদেব তংচঙ্গ্যা বলেন, “উন্নয়নের কথা বলে পাহাড় কেটে ফেলেছে। কয়েকদিন আগে আমার লাগানো গাছগুলো কেটে দিয়েছে। ঠিকাদার দেয়াল করে দেওয়ার কথা বলেছেন, কিন্তু সেটা সরকারি ভাবে হবে কি না জানি না। বর্ষা এলে পাহাড় ধসে পড়ার ভয় আছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মাহমুদুল্লাহ মিলন বলেন, “পাহাড় কাটার বিষয়টি নিয়ে যা বলা হচ্ছে, সেটি সঠিক নয়।” তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজ দেখানোর কথাও উল্লেখ করেন।
এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পাহাড় কাটার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিতভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে স্থানীয় জনগোষ্ঠী বড় ধরনের পরিবেশগত ও মানবিক ঝুঁকির মুখে পড়তে পারে।































