বাগমারায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০২:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 34
রাজশাহীর বাগমারায় রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদকসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের একটি ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও ভবানীগঞ্জ মহল্লার বাসিন্দা মাজেদুর রহমান (৫২), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল বারিক (৫৫), নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইয়াকুব আলী (৫৮) এবং মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতা আমজাদ হোসেন (৪৫)।
পুলিশ জানায়, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাড়ি বাড়ি তল্লাশির ঘটনায় পুলিশের বিরুদ্ধে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুর ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
নুরুর ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান জানান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।






























