বল পাস না দেওয়ায় সতীর্থকে ছুরিকাঘাতে হত্যা
- সর্বশেষ আপডেট ০১:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 51
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি গ্রামে ফুটবল খেলায় বল পাস না দেওয়ায় সতীর্থের ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২২) নামে এক খেলোয়াড় নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া খালপাড় গ্রামের মৃত লিলধন মিয়ার ছেলে।
খাগাউড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, স্থানীয় ব্র্যাক স্কুলের খেলার মাঠে ইব্রাহিম ও একই গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে সৌরভ মিয়া (২০) একই দলে খেলছিলেন।
খেলা চলাকালে সৌরভ বল পাস চাইলে ইব্রাহিম তা দেননি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সৌরভ বাড়ি থেকে ছুরি এনে মাঠের ভেতরেই ইব্রাহিমের পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।






































