বন্ধ হওয়া দারোয়ানি টেক্সটাইল মিল চালু করবে সরকার

- সর্বশেষ আপডেট ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 135
দীর্ঘদিন বন্ধ থাকা দারোয়ানি টেক্সটাইল মিল আগামী তিন মাসের মধ্যে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। সরকারের এই পদক্ষেপে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গতি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।
রবিবার দুপুরে মিলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, মিলটি চালুর লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং সম্ভাব্য বিনিয়োগকারীও পাওয়া গেছে।
শরীফুল আলম জানান, বন্ধ হয়ে থাকা দেশের অন্যান্য জুট ও টেক্সটাইল মিলগুলোও ধাপে ধাপে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিল্প খাতে স্থবিরতা কাটিয়ে ওঠা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।
পাট খাত প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পাটের হারানো সম্ভাবনা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে পলিথিনের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে।
বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি বলেন, সাম্প্রতিক সময়ে কৃষকরা আগের তুলনায় ভালো দামে পাট বিক্রি করছেন। একই সঙ্গে কাঁচা পাট রফতানি কমে পাটজাত পণ্যের রফতানি বেড়েছে। গত বছরে এ খাত থেকে প্রায় ৮২০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে বলে তিনি জানান।
পরিদর্শনকালে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































