ফের সড়কে তোলা চাঁদাকে চাঁদাবাজি নয় বললেন সড়ক মন্ত্রী

- সর্বশেষ আপডেট ১০:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 207
পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নামে সড়কে যে অর্থ তোলা হয়, সেটিকে চাঁদাবাজি বলা ঠিক নয়—এমন মন্তব্য আবারও করেছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
তাঁর মতে, নিবন্ধিত সংগঠনগুলো সদস্যদের কল্যাণ তহবিলের জন্য নির্ধারিত অর্থ তুললে সেটি অবৈধ নয়।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে ঈদযাত্রা প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে অনৈতিকভাবে অর্থ আদায়ের সুযোগ নেই। তবে বৈধ মালিক বা শ্রমিক সংগঠন যদি নিজেদের কল্যাণের জন্য অর্থ সংগ্রহ করে, তা চাঁদাবাজি হিসেবে দেখার কারণ নেই।
সরকার কি এভাবে চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে—এমন প্রশ্নে শেখ রবিউল আলম বলেন, কোনো সংগঠনের আইনি স্বীকৃতি না থাকলে এবং জোর করে অর্থ আদায় করলে সেটিই চাঁদাবাজি। এ ধরনের অভিযোগ নির্দিষ্টভাবে জানানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেও একই অবস্থান তুলে ধরেন তিনি। তখন তিনি বলেন, পরিবহন খাতে যে অর্থ নেওয়া হয় তা অনেক ক্ষেত্রে মালিক ও শ্রমিক সংগঠনের কল্যাণে ব্যয় করা হয়।
তাঁর ভাষায়, কেউ অনিচ্ছায় বা চাপের মুখে অর্থ দিতে বাধ্য হলে সেটিই প্রকৃত চাঁদাবাজি।
তবে সড়ক পরিবহন আইনে মালিক বা শ্রমিক সংগঠনের কল্যাণ তহবিলের নামে সড়কে চাঁদা তোলার কোনো বিধান নেই। অতীতে বিএনপি ও আওয়ামী লীগ সরকারের সময় এ ধরনের অর্থ সংগ্রহকে বৈধ করার উদ্যোগ নেওয়া হলেও সমালোচনার মুখে তা আর বাস্তবায়িত হয়নি।
পরিবহন খাতে দীর্ঘদিন ধরে প্রতিদিন যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। অনেক সময় একটি বাস বা ট্রাককে একাধিক স্থানে অর্থ দিতে হয়। এতে পরিবহন ব্যয় বাড়ে এবং শেষ পর্যন্ত ভাড়া বৃদ্ধির চাপ পড়ে সাধারণ যাত্রীর ওপর।
আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌ খাতের সংশ্লিষ্ট সংস্থা, মালিক-শ্রমিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মন্ত্রণালয়। বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রী বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বা সড়কে চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না।
তিনি জানান, ঈদের আগে দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বেন। এত বিপুল মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।
ঈদের সময় এসি বাসের বাড়তি ভাড়া নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না। অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। এ জন্য হাইওয়ে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের তদারকি বাড়ানো হবে।
তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। ফলে উৎসবের সময় মালিকেরা ইচ্ছামতো ভাড়া বাড়ানোর সুযোগ পেয়ে থাকেন।
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আরও কিছু সিদ্ধান্তের কথাও জানান সড়কমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে অস্থায়ী দোকান, অবৈধ পার্কিং ও ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ যানবাহন সড়কে নামতে দেওয়া হবে না এবং চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পোশাক কারখানাগুলোকে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে একসঙ্গে অতিরিক্ত চাপ না পড়ে। প্রয়োজনে বিআরটিসির অতিরিক্ত বাসও প্রস্তুত রাখা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মালিক-শ্রমিক সংগঠনগুলো নিয়মিত বৈঠক করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সড়ক ও রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

































