ফুটপাত ছাড়ার নির্দেশ, না মানলে ব্যবস্থা: ডিএমপি

- সর্বশেষ আপডেট ০৩:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 137
রাজধানীতে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে প্রাথমিকভাবে সতর্ক করেছে ডিএমপি। তবে আবার দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রথম ধাপে তাদের সতর্ক করে সরে যেতে বলা হয়েছে। তবে একই জায়গায় ফের দখল বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযান শেষে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল এ কথা বলেন।
তিনি জানান, অভিযানে ফুটপাত ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। তাই সরাসরি উচ্ছেদ না করে আগে বুঝিয়ে সরে যেতে অনুরোধ করা হয়েছে। কিন্তু এরপরও কেউ ফিরে এলে আর ছাড় দেওয়া হবে না।
তার ভাষায়, এখানকার অনেকের জীবিকা এই ব্যবসার সঙ্গে জড়িত—সেটি মাথায় রেখেই আজ নরম অবস্থান নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে অভিযান চলমান থাকবে এবং নিয়মিত তদারকি থাকবে।
তিনি আরও বলেন, যারা ফুটপাতের সীমা ছাড়িয়ে দোকান বাড়িয়েছে, সেসব অংশ ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে। এরপরও কেউ যদি আবার জায়গা দখল করে বা দোকান বাড়ায়, তাহলে জরিমানা, মালামাল জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ম্যাজিস্ট্রেটের কথায়, আপাতত লক্ষ্য ছিল বুঝিয়ে সরানো। কিন্তু পুনরাবৃত্তি হলে পরিস্থিতি ভিন্ন হবে—তখন সরাসরি পদক্ষেপ নেওয়া হবে।
































