প্রাথমিক শিক্ষায় আসছে এআই ও কর্মমুখী শিক্ষা
- সর্বশেষ আপডেট ০৪:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 11
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করতে দীর্ঘমেয়াদি রূপরেখা ঘোষণা করেছে সরকার। নতুন পরিকল্পনায় কারিকুলাম সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ, জলবায়ু-সহনশীল অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বমানের নাগরিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রণীত নতুন ভিশনে প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে ‘ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন’ আয়োজিত ক্যামব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষা সংস্কারের ভিত্তি হবে চারটি প্রধান স্তম্ভ—কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু-সহনশীল শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ এবং বিভিন্ন শিক্ষা ধারার মধ্যে সমন্বয়। এর সঙ্গে নতুন সংযোজন হিসেবে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী শিক্ষা।
বর্তমানে দেশে মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৭টির বেশি শিক্ষা ধারা রয়েছে। প্রতিমন্ত্রী জানান, সব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হবে, যাতে মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে সবাই সমান সুযোগ পায় এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমে আসে।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, দক্ষ শিক্ষক ছাড়া কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এ কারণে দেশের প্রাথমিক শিক্ষকদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে ক্যামব্রিজের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ও অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





































